ফিলিস্তিনের পশ্চিমতীরে জলপাই সংগ্রহের সময় উগ্র ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলার শিকার হয়েছেন ওয়াশিংটন পোস্টের প্রখ্যাত আলোকচিত্রী হাইডি লেভিন। রামাল্লাহর একটি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন এই মার্কিন সাংবাদিক।
হামলাটি ঘটে পশ্চিমতীরের আবু ফালাহ গ্রামে, যেখানে স্থানীয় ফিলিস্তিনিদের সাথে পেশাগত দায়িত্ব পালন করছিলেন লেভিন। মুখ ঢাকা একদল হামলাকারী লাঠিসোটা নিয়ে হঠাৎ তাদের ওপর চড়াও হয় এবং লেভিনকে মাটিতে ফেলে নির্যাতন চালায়।
সাংবাদিক পরিচয়ের স্পষ্ট চিহ্ন থাকা সত্ত্বেও লেভিনের ওপর অন্তত ১০ মিনিট ধরে অনবরত নির্যাতন চালানো হয়। হামলাকারীরা তাঁর পেশাগত ক্যামেরা ভেঙে ফেলে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে ভুক্তভোগী সাংবাদিক নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা শুধু লেভিনকেই পেটাই করেনি, তারা আশপাশের গাড়ি ও জলপাই গাছে আগুন ধরিয়ে দেয়। এই হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি কৃষকও গুরুতর আহত হয়েছেন।
ঘটনার সময় কাছেই উপস্থিত থাকা ইসরাইলি সেনাদের নীরব ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন (এফপিএ) এবং ওয়াশিংটন পোস্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।
আন্তর্জাতিক মহলের কড়া সমালোচনার মুখে ইসরাইলি পুলিশ ও সামরিক বাহিনী ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছে। তবে অতীতে একই ধরনের অপরাধের সঠিক বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
সূত্র: সিএনএন