দেশের বিশাল জনসংখ্যার প্রেক্ষাপটে ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা একটি কঠিন ও চ্যালেঞ্জিং কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তবে এই চ্যালেঞ্জ সত্ত্বেও আগামী নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা কতটা কঠিন, তা সহজেই অনুমেয়। ছোট একটি জমায়েত সামলাতেই যেখানে বেগ পেতে হয়, সেখানে পুরো দেশের শৃঙ্খলা বজায় রাখা একটি ডিফিকাল্ট (কঠিন) কাজ। তবে আমাদের বাহিনীগুলো নিরলস কাজ করে যাচ্ছে।’
আসন্ন নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর চমৎকার প্রস্তুতি রয়েছে। যেভাবে পরিকল্পনা করা হয়েছে, সে অনুযায়ী কাজ এগোলে একটি অত্যন্ত সুষ্ঠু, উৎসবমুখর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। আমরা আত্মবিশ্বাসী যে নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, বর্তমানে মানুষ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে যে স্বাধীনতা ভোগ করছে, তা বিগত সরকারগুলোর আমলে ছিল না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বর্তমান সরকার ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করার মতো কোনো পদক্ষেপ সমর্থন করে না।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য কোনো সমাধান নয়। কেউ যদি এমন কাজ করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাই এখন স্বাধীনভাবে নিজের মতামত লিখতে পারছেন। আগে সাংবাদিকদের প্রশ্ন করার স্বাধীনতা ছিল না, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে সাহস পেতেন না। এখন সেই ভয়ের পরিবেশ আর নেই।’
চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সম্মিলিতভাবে কাজ করছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।