দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান পর্যালোচনা করে এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির পঞ্চম বৈঠকে এসব তথ্য উপস্থাপন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।
বৈঠকে ২০২৫ ও ২০২৬ সালের তৃতীয় প্রান্তিক, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অপরাধের পরিসংখ্যানও পর্যালোচনা করা হয়। এ সময় খুন, ডাকাতি, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, চুরি, পুলিশের ওপর হামলা, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধের তথ্য তুলে ধরা হয়।
এ ছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা। মাদক নিয়ন্ত্রণ ও সাইবার অপরাধ মোকাবিলায় পৃথক সাইবার পুলিশ ইউনিট গঠনসহ অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করেন তাঁরা।
রাজধানীতে সাম্প্রতিক অপরাধ নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান কমিটির সদস্য মো. নূরুল ইসলাম। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ হতে দেবে না ইরান: পেজেশকিয়ান
রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত