দেশে পৌঁছাল প্রায় ২ লাখ পোস্টাল ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো প্রায় ২ লাখ পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। বর্তমানে এসব ব্যালট পেপার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইসি জানায়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে এবং ১ হাজার ৮৫৯টি ভোট রিটার্নিং কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে। বাকি ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন প্রবাসীর ভোট বর্তমানে বিদেশের পোস্ট অফিসগুলোতে জমা রয়েছে যা দেশে আসার অপেক্ষায়।

অন্যদিকে, দেশের অভ্যন্তরে ভোটারদের কাছে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে গ্রহণ করেছেন ৫৮ হাজার ৭৯৭ জন এবং ভোট দিয়েছেন ৪৩ হাজার ৩১৯ জন। এর মধ্যে ২৯ হাজার ৩৩৪ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিসে জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। এরপর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশব্যাপী একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।