জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ দেশজুড়ে বিভিন্ন আন্দোলনে অংশ নিয়ে যারা গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্য থেকে ৪৭৪ জনকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে জারিকৃত এক বিশেষ প্রজ্ঞাপনে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নং ৩০, ২০২৫)’-এর ১১ (৪) ধারা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। গণঅভ্যুত্থানে আহতদের পুনর্নির্ধারিত ক্যাটাগরি অনুযায়ী এদের ‘শ্রেণি-খ’ অর্থাৎ ‘গুরুতর আহত’ ক্যাটাগরিতে গেজেটভুক্ত করা হয়েছে।
গেজেটে উল্লেখ করা হয় যে, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মাননা, কল্যাণ ও পুনর্বাসন প্রক্রিয়া সুনিশ্চিত করার অংশ হিসেবে সরকার এই পদক্ষেপ নিয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে এবং গেজেটভুক্ত এই যোদ্ধারা এখন থেকে সরকারের ঘোষিত বিভিন্ন সুযোগ-সুবিধা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় আসবেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যারা জুলাইয়ের আন্দোলনে সামনের কাতারে থেকে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা মারাত্মক শারীরিক ক্ষতির শিকার হয়েছেন, তাদের এই ‘খ’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ক্যাটাগরির আহতদের তালিকাও গেজেট আকারে প্রকাশ করা হবে। সূত্র: বাসস