আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটি নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।
রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত স্পষ্ট করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। তবে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগে ঘোষিত ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটিও বহাল থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিল্পাঞ্চলের কারখানা কর্তৃপক্ষ যদি ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের বিশেষ ছুটি দেয়, তবে সেই ছুটি পুষিয়ে নিতে তারা পরবর্তী মাসের সুবিধাজনক যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে (শুক্রবার বা শনিবার) ‘কর্মদিবস’ হিসেবে ঘোষণা করতে পারবে। অর্থাৎ, ১০ ফেব্রুয়ারির ছুটির পরিবর্তে অন্য একদিন কাজ করিয়ে নেওয়ার সুযোগ পাবে মালিকপক্ষ।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছিল যে, যেসব কারখানা ১০ ফেব্রুয়ারির ছুটি কার্যকর করবে, তারা চাইলে পরবর্তীতে যেকোনো কর্মহীন দিনে শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে সেই উৎপাদন ঘাটতি পূরণ করতে পারবে। আজকের প্রজ্ঞাপনে সেই বিষয়টিকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হলো।
উল্লেখ্য, ভোটারদের নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দেওয়ার সুবিধার্থেই শিল্পাঞ্চলগুলোতে এই বাড়তি ছুটির ব্যবস্থা করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে সারাদেশে কঠোর নিরাপত্তা ও ছুটির আমেজ বিরাজ করছে।