আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে সামনে রেখে বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পরিবেশ তুলে ধরবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, ব্রিফিংয়ে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের নির্বাচনের নিরাপত্তা, ভোটগ্রহণের প্রস্তুতি এবং স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে অবহিত করা হবে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবারের নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য প্রায় ৫০০ জন বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরাই এই ব্রিফিংয়ের মূল লক্ষ্য।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

