আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের চলাচলের জন্য বিশেষ যানবাহন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং যানজট ও বিশৃঙ্খলা এড়াতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, একজন প্রার্থী এবং তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন (জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা) ব্যবহার করতে পারবেন। প্রতিটি গাড়িতে চালকসহ (বৈধ লাইসেন্সধারী) সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন। প্রার্থীর নিরাপত্তার জন্য যদি গানম্যান নিয়োজিত থাকেন, তবে তাকেও এই পাঁচজনের মধ্যে গণনা করা হবে।
যেসব দুর্গম এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দু’টি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ অনধিক দু’জন অবস্থান করতে পারবেন।
নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে নৌযান চালকসহ সর্বোচ্চ পাঁচজন করে চলাচল করতে পারবেন।
নির্দেশনায় আরও বলা হয়, যানবাহনে অবস্থানকারী ব্যক্তিদের মধ্যে প্রার্থী, নির্বাচনি এজেন্ট ও গানম্যান ব্যতীত অন্যদের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে আগেভাগেই আবেদন করে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। একই সঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট স্টিকার সংশ্লিষ্ট যানবাহনের কাচে দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে।
এছাড়াও ইসি স্পষ্ট করে জানিয়েছে, প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ব্যতীত তাঁদের সঙ্গে থাকা অন্য কোনো ব্যক্তি ভোটকেন্দ্রের সীমানা বা চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।