তিন আসনের ব্যালট পেপার ও ফলাফল শিট জব্দের নির্দেশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনগুলো হলো—ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আবেদন দাখিলের পর সংশ্লিষ্ট তিন আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ নির্বাচনী নথিপত্র হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনি ট্রাইব্যুনাল।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য বাংলাদেশ হাইকোর্ট–এ ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। একই দিন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করবেন।

গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

পরবর্তীতে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গেজেট জারি করেন। তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে এখনো দুটি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়নি।

AS/AHA
আরও পড়ুন