আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক এবং আস্থার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস। একই সঙ্গে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র, রাজনৈতিক জবাবদিহিতা এবং আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে বলেও তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইভার্স ইজাবস ইউরোপীয় পার্লামেন্টের একজন প্রভাবশালী সদস্য।
পর্যবেক্ষক প্রধান বলেন, “আমরা একটি অত্যন্ত ভালো, অংশগ্রহণমূলক এবং সর্বোপরি সবার কাছে গ্রহণযোগ্য ও আস্থাভাজন নির্বাচনের প্রত্যাশা করছি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ যথেষ্ট ইতিবাচক। আমাদের বিশ্বাস, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রে একটি নতুন অধ্যায় সূচিত হবে। সামগ্রিক পরিবেশ ও সাধারণ মানুষের প্রত্যাশা অত্যন্ত আশাব্যঞ্জক।”
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় পর বাংলাদেশ প্রকৃত গণতন্ত্রের পথে ফিরে আসছে। নির্বাচনি প্রক্রিয়া নিয়ে ইইউ পর্যবেক্ষক দল সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ এবং তারা একটি সুষ্ঠু ভোটের লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
নির্বাচনি ঝুঁকির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইভার্স ইজাবস বলেন, “কিছু এলাকা ভৌগোলিকভাবে বা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ মনে হলেও বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবিলা করতে সক্ষম। নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ওপর আমাদের আস্থা রয়েছে।”
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের এই বিশাল প্রতিনিধি দলটি মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবে।