সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নাম ব্যবহার করে নির্বাচনের ফল ও স্থিতিশীলতা সংক্রান্ত প্রচারিত ‘বিশেষ প্রটোকল’ বা অফিস আদেশটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
ইসি জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এনএসআই-এর নাম ব্যবহার করে ফল ঘোষণা ও নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতা সংক্রান্ত একটি কথিত ‘বিশেষ প্রটোকল’ প্রচারিত হচ্ছে। এই নথিতে নির্বাচনের ফল এবং বিভিন্ন বাহিনীর ভূমিকা নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, এই কথিত অফিস আদেশটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি কোনো প্রশাসনিক সংশ্লিষ্টতা নেই।
নির্বাচন সংক্রান্ত কোনো গুজব, অপপ্রচার বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের তথ্য জানানোর জন্য নির্বাচন কমিশনে একটি ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’ স্থাপন করা হয়েছে। এই সেলটি আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) চালু থাকবে।
যেকোনো তথ্যের জন্য এই নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করেছে ইসি- ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪, ০২৫৫০০৭৫০৬
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার এবং যেকোনো সন্দেহজনক বিষয়ে সরাসরি কমিশনের কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, যে সব বিষয় জানা দরকার
বোরকা পড়া নারীদের ভোটকেন্দ্রে মুখ দেখাতে হবে : ইসি
