জাতির জীবনে আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোটপ্রদান করেন। ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান।
তিনি বলেন, জাতির জীবনে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ভোটের একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট প্রদান করবেন।
তিনি আরও বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা আশা করছি, ইনশাল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবো।
গণমাধ্যমকর্মীদের ভূমিকাও তুলে ধরেন সেনাপ্রধান। তিনি বলেন, যারা ভোট দিতে পারছেন না বিশেষ করে মিডিয়ার লোকজন আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সারা দেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছেন। এতে জনগণ আশ্বস্ত হচ্ছে এবং ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহিত হচ্ছে। বক্তব্যের শেষে তিনি সবার মঙ্গল কামনা করেন।
বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।