এবারের নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন ঐতিহাসিক। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচন জাতির কাছে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।’

এদিন তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, চামেলীবাগ গোল্ডেন ইরা কিডস স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টার, টিএন্ডটি উচ্চ বিদ্যালয় এবং তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের সঙ্গে কথা বলেন। কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সব জায়গায় অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমরা আশাবাদী, ভোট শেষ হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।’

তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে দেশবাসী একটি স্বচ্ছ নির্বাচনের অপেক্ষায় ছিল। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে বলেও তিনি জানান।