সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সদর দপ্তরে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটদানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

এর আগে সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন প্রধান উপদেষ্টা। ভোটদান শেষে তিনি বাড্ডা হাইস্কুল কেন্দ্র ও মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি ভোটার ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ভোটগ্রহণের পরিবেশ সম্পর্কে খোঁজ নেন।

ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় ড. ইউনূস বলেন, ‘আজ আমার জীবনে মহা আনন্দের দিন। আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম। এর মাধ্যমে আমরা দুঃস্বপ্নময় অতীতকে সম্পূর্ণরূপে বর্জন করলাম।’

তিনি আরও বলেন, ‘আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি। দিনব্যাপী উৎসব করি, সবাই মিলে উৎসব করি। বাংলাদেশের সবার জন্য আজ মহাআনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান ঘটছে, নতুন সূচনা শুরু হচ্ছে এটাই আমাদের আজকের প্রতিক্রিয়া।’

গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তাই সবাইকে গণভোটে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।’

দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।’ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণভোটে অংশ নেওয়ার আহ্বানও পুনর্ব্যক্ত করেন তিনি।

NB/AHA
আরও পড়ুন