বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় এদেশের সাধারণ জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। একই সঙ্গে নির্বাচনে অগ্রণী অবস্থান ও সাফল্য নিশ্চিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে বিশেষ শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।
বার্তায় দূতাবাস উল্লেখ করে, বাংলাদেশের জনগণ একটি সফল গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করেছে যা অত্যন্ত প্রশংসনীয়। নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করায় বিএনপিকে অভিনন্দন জানিয়ে চীন আরও বলে, ‘আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একত্রে কাজ করার এবং চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের পরপরই প্রভাবশালী বৈশ্বিক শক্তি চীনের এই বার্তা নবনির্বাচিত সরকারের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের সমর্থন ও সহযোগিতার পথ প্রশস্ত করবে। চীন-বাংলাদেশের উন্নয়ন অংশীদারিত্ব আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলেও এই বার্তায় ইঙ্গিত দেওয়া হয়েছে।