গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছেন তারেক রহমান। দায়িত্ব পালনের প্রথম দিনেই তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
দলীয় ও সরকারি সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রধানমন্ত্রী তাঁর দাপ্তরিক কার্যক্রমের সূচনা করবেন। এরপর একই দিন বিকেলে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথমবারের মতো সচিবালয়ে বৈঠকে বসবেন তিনি। এই বৈঠকেই সরকারের প্রাথমিক কর্মপরিকল্পনা ও অগ্রাধিকার নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার শপথ গ্রহণ করে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই শপথ অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে এক বড় আকর্ষণ। অনুষ্ঠানে ভারত, চীন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কসহ অন্তত ১৩টি দেশের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা নয়াদিল্লির প্রতিনিধি হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধানগণ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন সরকারকে শুভেচ্ছা জানান। কয়েক হাজার দেশি-বিদেশি অতিথির উপস্থিতিতে পুরো সংসদ ভবন এলাকা এক উৎসবমুখর রূপ ধারণ করে।