আজ কপ-৩১ সম্মেলনের ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে যেসব বিষয়

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম

তিন দিনের সরকারি সফরে তুরস্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন।

সফরের দ্বিতীয় দিন সকালে তিনি সম্মেলনের মূল ভেন্যুতে যোগ দেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারী নেতাদের মধ্যে ছিলেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্ট।

সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর গড়ে তোলার আগে রোহিঙ্গা সংকটের সমাধান জরুরি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ এ উদ্যোগের সম্ভাবনা যাচাই করে দেখতে চায়। গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় অংশীদারদের সহযোগিতা নিয়ে সংকটের গ্রহণযোগ্য সমাধান বের করে বিষয়টিকে ইতিবাচক পরিণতির দিকে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য।

প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, এবারের কপ৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ।

পরিবেশবান্ধব পণ্যের আন্তর্জাতিক প্রচারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পাট ও অন্যান্য পচনশীল পণ্য বিশ্বপরিসরে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্মেলনস্থলে বাংলাদেশের একটি প্যাভিলিয়ন বা স্টল স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, আগের দিনের বৈঠকে এ প্রস্তাব তুলে ধরা হলে সংশ্লিষ্টরা বিষয়টির প্রশংসা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তুরস্ক সফরে নির্ধারিত আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাতেও অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কূটনৈতিক মহলের মতে, এসব বৈঠক ও আলোচনার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা আরও জোরদারের সুযোগ তৈরি হতে পারে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত