জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। এসময় তার সঙ্গে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে তল্লাশি চালানো হয়। নিরাপত্তার স্বার্থে সর্বসাধারণের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কর্মদিবস উপলক্ষে দুপুরে সচিবালয়ে পৌঁছাবেন। সেখানে বিকেলে তার সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম ‘ক্যাবিনেট বৈঠক’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তিনি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন।