জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ এএম

জাপান সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দেশটির শীর্ষস্থানীয় শিল্পপতি ও বিনিয়োগ সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন।

আজ বুধবার (২৮ অক্টোবর) টোকিওতে এই ধারাবাহিক বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে দুদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব আরও দৃঢ় হওয়ার আশা করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, সকালে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নরের সঙ্গে বৈঠক দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

এরপর ইউনিক্লোর সদর দপ্তরে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

সকালের শেষ পর্বে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। এতে জাপানি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে অনুকূল পরিবেশ তুলে ধরা হয়।

দুপুরে মিতসুয়ি, সুমিতোমো ও জেরার মতো জাপানের জায়ান্ট কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রতিটি কোম্পানির সঙ্গে সুনির্দিষ্ট বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা নির্ধারিত রয়েছে।

এরপর জাপানের ১৪টি স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে দুটি আলাদা গ্রুপ বৈঠকে যোগ দেবেন তিনি। এই বৈঠকে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও অংশ নিচ্ছেন।

এইচএন
আরও পড়ুন