শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর এবার বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কার্যদিবসের শুরুতে তারেক রহমান প্রথমে এককভাবে এবং পরে মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়ে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর তিনি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে সকাল ১১টার দিকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও পরিদর্শন বইয়ে স্বাক্ষরের পর তিনি সরাসরি জিয়ারত করতে রাজধানীর জিয়া উদ্যানে পৌঁছান।

নির্ধারিত সূচি অনুযায়ী, শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে সচিবালয়ে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) তাঁর জন্য নির্ধারিত দপ্তরে প্রথম অফিস করবেন তিনি। সেখানে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন।

বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথম আনুষ্ঠানিক নীতিনির্ধারণী বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে তাঁর বিশেষ মতবিনিময় সভা করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সচিবালয়সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অভূতপূর্ব নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সকাল থেকেই পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা কঠোর নজরদারি ও তল্লাশিতে নিয়োজিত রয়েছেন। ১ নম্বর ভবনটি প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রীদের বরণের জন্য নতুন সাজে সজ্জিত করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর মন্ত্রিসভার ৪৯ জন সদস্য।