সরকারি নয়, নিজের গাড়িতেই চলাফেরা করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম

সরকারি সুযোগ-সুবিধা কমিয়ে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় প্রটোকলের সরকারি গাড়ি ব্যবহার না করে নিজের ব্যক্তিগত গাড়িতেই চলাফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চলাচলের জন্য নিজের ব্যক্তিগত টয়োটা গাড়ি, নিজস্ব চালক এবং নিজের কেনা জ্বালানি ব্যবহার করছেন। আজ প্রথম কার্যদিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধ, শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজার এবং সচিবালয়ে যাওয়ার সময় তিনি এই ব্যক্তিগত গাড়িটিই ব্যবহার করেন। রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি মেহমানদের সফর ছাড়া সাধারণ চলাচলের সময় তার গাড়িতে জাতীয় পতাকাও ব্যবহার করা হবে না।

জনভোগান্তি কমাতে আরও যেসব পদক্ষেপ:
১. গাড়িবহর ছোট করা: প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য আগে ১৩-১৪টি গাড়ির বহর থাকত। সাধারণ মানুষের যানজট যন্ত্রণা কমাতে প্রধানমন্ত্রী সেটি কমিয়ে মাত্র ৪টি গাড়িতে নামিয়ে আনার নির্দেশ দিয়েছেন।

২. সড়কে পুলিশি পাহারা বন্ধ: প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় রাস্তার দুই ধারে পোশাকধারী পুলিশের দাঁড়িয়ে থাকার দীর্ঘদিনের নিয়মটি বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। যাতে সাধারণ মানুষের চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।

৩. সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক: সাধারণত মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে (PMO) অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানে সব মন্ত্রীকে সচিবালয় থেকে যেতে হলে রাস্তায় বড় ধরনের জট সৃষ্টি হয়। জনগণের এই ভোগান্তি এড়াতে এখন থেকে অধিকাংশ মন্ত্রিসভা বৈঠক সচিবালয়েই করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ প্রথম অফিস করলেন তারেক রহমান। তার এই সাদামাটা জীবনযাপন ও জনবান্ধব সিদ্ধান্তগুলো এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

FJ
আরও পড়ুন