স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটি বড় চ্যালেঞ্জ নিয়ে সরকারে এসেছি, আর সেটি হলো জাতি গঠনের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। মন্ত্রিসভা সেই পরিকল্পনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিতে কাজ করবে। আমাদের প্রতিটি পদক্ষেপে গণতন্ত্রের চর্চা থাকবে।’
তিনি আরও যোগ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এই মন্ত্রণালয়কে একটি 'ডাইনামিক মিনিস্ট্রি' হিসেবে গড়ে তোলা হবে।
মানুষের মৌলিক সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আজকের ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কার্যকর পদক্ষেপ নেব।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিপ্লব বা গণঅভ্যুত্থানের পর মুহূর্তেই সব ঠিক হয়ে যায় না। তবে দেড় বছরের মাথায় একটি নির্বাচিত সরকার আসা বড় অর্জন। এই নির্বাচন দেশীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য প্রশাসনে শৃঙ্খলা ফেরানো এবং দুর্নীতি দূর করা।’
বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলার খবর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটতে পারে, তবে সেগুলোকে জেনারালাইজ বা সাধারণীকরণ করার সুযোগ নেই।’
তিনি আরও উল্লেখ করেন যে, অন্তর্বর্তী সরকার দেশে গণতন্ত্রে উত্তরণের যে পথ তৈরি করে দিয়ে গেছে, নির্বাচিত সরকার এখন সেই ধারা বজায় রেখে জনকল্যাণে কাজ করে যাবে।