বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিশেষ চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বিজয়ে আমেরিকান জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও নতুন সরকারের সফলতা কামনা করেন।
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার যৌথ স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
ট্রাম্প তার চিঠিতে দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তির ওপর জোর দিয়েছেন। তিনি বিশ্বাস করেন, এসব চুক্তির সফল বাস্তবায়ন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৃষক এবং শ্রমিকদের জন্য সরাসরি কল্যাণ বয়ে আনবে।
চিঠিতে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল বাংলাদেশের প্রতিরক্ষা খাতের উন্নয়ন। প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিত প্রতিরক্ষা চুক্তিসমূহ সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য আমেরিকার উচ্চমানের আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ওপর তার পূর্ণ আস্থার কথা জানিয়ে বলেন, দুই দেশের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের বিপুল বিজয়ের পর ইতোমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানরা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনও তারেক রহমানকে সরাসরি শুভেচ্ছা জানিয়েছিলেন।