রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ‘এস্কর্ট’ সেবা দেবে পুলিশ

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে বড় অঙ্কের নগদ অর্থ এবং মূল্যবান সামগ্রী পরিবহনে বিশেষ ‘এস্কর্ট’ বা নিরাপত্তা সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদকে কেন্দ্র করে আর্থিক লেনদেন বৃদ্ধি পাওয়ায় চুরি, ছিনতাই ও প্রতারণা রোধে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি জানায়, রমজান ও ঈদ সামনে রেখে রাজধানীতে ব্যবসা-বাণিজ্য এবং অর্থ লেনদেন বহুগুণ বেড়ে যায়। এই সুযোগে অপরাধী চক্র যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বড় অঙ্কের টাকা স্থানান্তর করতে চাইলে পুলিশি পাহারা নিতে পারবেন। তবে, এই সেবা গ্রহণের ক্ষেত্রে শর্ত হলো-সেবাপ্রত্যাশীকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে।

সেবা পেতে যোগাযোগ করবেন যেভাবে:
সংশ্লিষ্ট থানা অথবা ডিএমপি কন্ট্রোল রুমে আগাম তথ্য দিয়ে এই নিরাপত্তা সহায়তা নেওয়া যাবে। যোগাযোগের নম্বরগুলো হলো: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫ এবং ০১৩২০-০৩৭৮৪৬। এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে ডিএমপির পক্ষ থেকে রাজধানীবাসীকে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনে পুলিশের এই সহায়তা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।