সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রশিক্ষণ-সরঞ্জাম সহায়তার আশ্বাস চীনের

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২০ এএম

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশকে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে চীন। প্রযুক্তিনির্ভর অপরাধ, বিশেষ করে টেলিকমভিত্তিক প্রতারণা দমনে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ সদর দপ্তরে আইজিপি আলী হোসেন ফকিরের সঙ্গে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় সাইবার অপরাধসহ আইনশৃঙ্খলাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ পুলিশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়েছে। বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য বিনিময় এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ মোকাবিলার সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতার আগ্রহের কথা জানায় চীনা প্রতিনিধিদল।

এ ছাড়া প্রযুক্তিনির্ভর অপরাধ ও টেলিকমভিত্তিক প্রতারণা মোকাবিলায় দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে নিয়মিত তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে ভবিষ্যতে সাইবার ও প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতার পরিধি আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। দীর্ঘমেয়াদি সহযোগিতার অংশ হিসেবে প্রশিক্ষণ এবং কারিগরি সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত