নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবন ছাড়ছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বাসা ছাড়ার বিষয়টি জানিয়ে আবেগঘন মন্তব্য করেছেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘বাসাটির প্রতি মায়া জন্মে গেছে। দু-একদিনের মধ্যে আমরা চলে যাব এই বাসা থেকে। আমার মায়া রোগ আছে। এখন দেখি এই বাসাটার জন্যই অনেক মায়া লাগছে। বিশেষ করে ঝোপঝাড়, রোদ-ছায়া, চিলের ডানা আর বিশাল আকাশটার জন্য।’
শুরুতে এই বড় সরকারি বাসায় ওঠার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি লেখেন, ‘আমরা যখন হেয়ার রোডের এই বাসায় উঠি, সবার মন খারাপ হয়ে যায়। বেশি বড় জায়গা, বেশি বড় বাড়ি, এত বড় যে আপন ভাবা যায় না ঠিক।’
সরকারি বাসায় ওঠার কারণে সন্তানদের মন খারাপ হওয়ার প্রসঙ্গ তুলে তিনি আরও উল্লেখ করেন, ‘ফুলার রোডের বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তারা।’ তবে বিদায়বেলায় এই বাসভবন ও আশপাশের প্রকৃতির প্রতি ভালোবাসার কথা জানিয়ে তিনি স্ট্যাটাসটি শেষ করেন ‘বিদায় হেয়ার রোড’ লিখে।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারে ড. আসিফ নজরুল আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নির্বাচনী তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করলে, আসিফ নজরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বও গ্রহণ করেন।