সারাদেশের সড়ক ও মহাসড়কে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, ‘সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আর আমার জেলা লক্ষ্মীপুরে তো চাঁদাবাজির প্রশ্নই আসে না।’
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুরের দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা দূরীকরণে মন্ত্রী বড় ধরনের উন্নয়ন পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জলাবদ্ধতা কাটাতে ভুলুয়া নদী ও রহমতখালী খাল পুনঃখননের একটি নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। এছাড়া ১৮০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় দেশব্যাপী যে খাল খনন কার্যক্রম শুরু হবে, তার মধ্যে লক্ষ্মীপুরকেও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে।’ মেঘনা নদীর ভাঙন রোধে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে মন্ত্রিসভার বৈঠক করে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন। এ্যানি চৌধুরী বলেন, ‘রমজানে দ্রব্যমূল্য যেন স্থিতিশীল থাকে এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হয়, সেদিকে আমাদের বিশেষ নজর রয়েছে। বিশেষ করে সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান বাড়াতে আমরা কাজ করছি।’
বিগত আন্দোলনের শহীদ ও গুম-খুনের শিকার হওয়া নেতাকর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন অবহেলিত থাকা লক্ষ্মীপুরকে নতুনভাবে সাজাতে হবে। নির্বাচনের সময় জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম রাস্তাঘাট উন্নয়ন ও জলাবদ্ধতা দূর করা তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’
এর আগে সকালে মন্ত্রী সার্কিট হাউসে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান ও পুলিশ সুপার মো. আবু তারেকসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ৩ দিনের সফরে গত বৃহস্পতিবার রাতে নিজ জেলায় আসেন তিনি।