দেশের প্রয়োজনীয় নদী খনন এবং অবৈধভাবে দখল হওয়া জলাশয়গুলো দ্রুত উদ্ধার করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি আরও জানান, সাধারণ মানুষ, প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সাথে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে সারাদেশে বৃহৎ পরিসরে খাল খনন কর্মসূচি শুরু হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত সারাদেশে প্রায় দুই হাজার মাইলের বেশি খাল খনন করেছিলেন। সেই ঐতিহাসিক ও সফল কর্মসূচিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে সরকার আবারও এই উদ্যোগ বাস্তবায়ন করবে।’ একইসাথে আবহাওয়া ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী তীরের এলাকায় ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশনা দেন।
ঈদুল ফিতরের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
