নবগঠিত সরকারের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে নবনিযুক্ত ১০ জন উপদেষ্টার মধ্যে ৮ জনের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে বিএনপির তিন সিনিয়র নেতাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও মাঠ পর্যায়ের পরিস্থিতির সঙ্গে প্রশাসনের সমন্বয় সাধনে সরাসরি ভূমিকা রাখবেন।
মন্ত্রী পদমর্যাদার অন্য দুই উপদেষ্টার মধ্যে মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। তরুণ ব্যক্তিত্ব মাহদী আমিনকে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান- এই চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।