'হিন্দু-মুসলিমের সম্প্রীতি নষ্ট করতে একটি মহল তৎপর রয়েছে'

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পিএম

বাংলাদেশে হিন্দু-মুসলিমের দীর্ঘদিনের সম্প্রীতি নষ্ট করতে একটি মহল তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, ‘অযৌক্তিক আন্দোলন করার পরও বিএনপি সরকার কাউকে গ্রেপ্তার করেনি। গণতান্ত্রিক পরিবেশে আন্দোলন হতে পারে, তবে সেই আন্দোলনের উদ্দেশ্য কী, তা বিবেচনা করতে হবে।’

রিজভী আরও বলেন, ‘৫ আগস্টের আন্দোলনে তরুণেরা রাজপথে নেমে ১৭ বছরের অনিয়ম ও নির্যাতনের অবসান ঘটিয়েছেন। ওই সময়ের শাসনামলে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। ৫ আগস্টের পর দেশে আবার আশার আলো জ্বলে উঠেছে। তবে রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল করতে আবারও তৎপরতা শুরু হয়েছে।’

বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্প নিয়ে সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন না করেও সামিট গ্রুপকে বিল দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। অথচ এসব বিষয়ে জামায়াতে ইসলামীকে কথা বলতে দেখা যায়নি। নীতিকথা বললেও বাস্তব সমস্যা সমাধানে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।’

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে রুহুল কবীর রিজভী বলেন, ‘দুর্গোৎসবকে কেন্দ্র করে অরাজকতা ও অপপ্রচারের চেষ্টা হতে পারে। তবে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, সে জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মন্দিরগুলোতে সজাগ দৃষ্টি রাখবেন।’

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘নতুনদের আগমনে কলেজ ক্যাম্পাস মুখর হয়ে উঠবে। শিক্ষার্থীরা মেধার চর্চার মাধ্যমে যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠবেন এবং ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ সরকারিকরণের উদ্যোগ নেওয়ার কথা জানান। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে গড়ে তুলতে পড়াশোনার বিকল্প নেই। আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। কলেজের সভাপতি সৌমিক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. জাহিদ, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, যুবদল নেতা তানভীর আহমেদ সানু মোল্লা, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম নিরবসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতা-কর্মীরা।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত