বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগেই অনুষ্ঠিত হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এই সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান,‘আমরা আশা করছি পহেলা বৈশাখের আগেই এই দুটি আসনের উপনির্বাচন শেষ করতে পারব। সাধারণত বৈশাখের উৎসবে মানুষ ব্যস্ত থাকে, তাই তার আগেই ভোট গ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন। পরে তিনি ঢাকা-১৭ আসন রেখে ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে ইসি সেটি শূন্য ঘোষণা করে।
অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল নির্বাচনের আগে ৩ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করায় ওই আসনের ভোট স্থগিত করা হয়েছিল। এখন সেই আসনেই নতুন করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।
নির্বাচন কমিশনার আরও জানান, বগুড়ায় যে সকল প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন করেছেন, তাদের ভোট গ্রহণের ক্ষেত্রে পুনরায় ব্যালট পাঠানো হবে। এ ছাড়া যদি কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকে, তবে তাদের জন্য স্বল্প সময় বরাদ্দ দেওয়া হতে পারে।
উপনির্বাচনের পাশাপাশি সংরক্ষিত নারী আসনের বিষয়ে ইসি জানায়, দলগুলোর মধ্যে মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে এবং সেই সময়ের মধ্যেই তা শেষ হবে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসন পেয়ে সরকার গঠন করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বর্তমানে বিরোধী দলের আসনে রয়েছে।