সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকছে কি না, সিদ্ধান্ত বিএনপির কাছে: ইসি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না, তা এখন নির্ভর করছে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের ওপর। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, যেহেতু বর্তমান সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তাই দলীয় প্রতীকের বিধান থাকা বা না থাকার বিষয়টি মূলত দলটির ওপরই নির্ভর করছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এসব তথ্য জানান। 

তিনি একই সঙ্গে সংরক্ষিত নারী আসন এবং স্থগিত হওয়া উপনির্বাচনগুলো নিয়ে কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, ‘মেয়র পদে দলীয় প্রতীক বাদ দেওয়া সংক্রান্ত একটি অর্ডিন্যান্স বর্তমানে রয়েছে। এখন সংসদ বসার পর যদি এই অর্ডিন্যান্সটি অনুমোদিত (রেটিফাই) হয়, তবে দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন হবে। আর যদি সংসদ এটি পরিবর্তন করে আগের অবস্থানে ফিরিয়ে নেয়, তবে দলীয় প্রতীকেই ভোট হবে। আমরা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে কমিশনার জানান, এই প্রক্রিয়ার প্রাথমিক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বিধি অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে এবং কমিশন সেই সময়ের মধ্যেই তা সম্পন্ন করবে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যাদের মনোনীত করবেন, মূলত তারাই এই আসনে নির্বাচিত হবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংসদ অধিবেশন শুরু হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনের আইনগত কাঠামোর বিষয়টি স্পষ্ট হবে, যার ভিত্তিতে কমিশন পরবর্তী নির্বাচনী তফসিল ঘোষণা করবে।

FJ
আরও পড়ুন