ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার ঢাকা সিটি করপোরেশনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে ইশরাক বলেন, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ইশরাক হোসেন। এরপর তিনি নতুন মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এর আগেও তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি আবারও ঢাকা দক্ষিণের নগরপিতা হওয়ার লড়াইয়ে নামার ঘোষণা দেওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তাঁর এই ঘোষণার ফলে আসন্ন সিটি নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে ঢাকা দক্ষিণ।