৫ আগস্টের পর বিশিষ্ট ব্যক্তিদের নামে হওয়া মামলা যাচাই-বাছাইয়ের নির্দেশ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম

৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের বড় বড় ব্যবসায়ী এবং স্বনামধন্য ও বিশিষ্ট ব্যক্তিদের নামে হওয়া মামলাগুলো গুরুত্বের সাথে যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৫ আগস্টের পটপরিবর্তনের পর দেশজুড়ে অসংখ্য মামলা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, কিছু সুবিধাবাদী মানুষ এই সুযোগে ব্যক্তিগত আক্রোশ বা স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অনেককে আসামি করেছে, যাদের ওইসব ঘটনার সঙ্গে জড়িত থাকার কোনো প্রশ্নই ওঠে না। এসব মামলায় অনেক বড় ব্যবসায়ী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরও নাম ঢোকানো হয়েছে, যা তাঁদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।’

সালাহউদ্দিন আহমদ আরও জানান, এই ধরনের অযৌক্তিক মামলাগুলো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে। নির্দোষ কোনো মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, পুলিশকে সেটি নিশ্চিত করতে হবে। যারা প্রকৃত অপরাধী কেবল তাদের বিরুদ্ধেই আইনি প্রক্রিয়া চলবে।’

মামলা যাচাইয়ের জন্য কোনো বিশেষ কমিটি গঠন করা হবে কি না- এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘এটির জন্য আলাদা কোনো কমিটির প্রয়োজন নেই। এটি নিয়মিত পুলিশি কার্যক্রমেরই অংশ, পুলিশ নিজেই এই যাচাই-বাছাই করবে।’ এই প্রক্রিয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া না হলেও পুলিশকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সকল অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী।

FJ
আরও পড়ুন