ইসিতে একযোগে ১১২ উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে ইসি সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

বদলি করা কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা দিয়ে বলা হয়েছে, সংশ্লিষ্টদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে কেউ দায়িত্ব হস্তান্তর না করেন, তবে ১ মার্চ অপরাহ্ণে তিনি বর্তমান কর্মস্থল থেকে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এটিই কমিশনের সবচেয়ে বড় বদলির উদ্যোগ। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ বড় পরিসরে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। মূলত এসব নির্বাচনের প্রস্তুতি এবং প্রশাসনিক কাজের গতিশীলতা আনতেই এই মাঠ পর্যায়ের রদবদল করা হয়েছে।

এদিকে, একই দিনে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ইসির পাশে থাকার এবং সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।