চার জেলায় নতুন পুলিশ সুপার, বদলি আরও দুই কর্মকর্তা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসপি পদমর্যাদার আরও দুজন কর্মকর্তাকে বদলি করেছে সরকার।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নীলফামারীর বর্তমান পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার করা হয়েছে। এর আগে তাঁকে নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।

এ ছাড়া বরগুনার পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে জামালপুর জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে করা হয়েছে বরগুনার নতুন পুলিশ সুপার।

অন্যদিকে, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

এমইউ
আরও পড়ুন