আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত এবং ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত। এবারও সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ উপলক্ষে নিয়মিত ট্রেনের পাশাপাশি বিশেষ ট্রেন পরিচালনার মাধ্যমে যাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষ্য নিয়েছে রেল কর্তৃপক্ষ।
ঘোষিত সূচি অনুযায়ী, চট্টগ্রাম–চাঁদপুর–চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ট্রেন চট্টগ্রাম থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। একই রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-২ ভোর ৪টায় চাঁদপুর ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।
ঢাকা–দেওয়ানগঞ্জ–ঢাকা রুটে তিস্তা স্পেশাল-৩ সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা ছেড়ে বিকেল ৩টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে এবং তিস্তা স্পেশাল-৪ বিকেল ৪টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ভৈরববাজার–কিশোরগঞ্জ–ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ সকাল ৬টায় ভৈরববাজার ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। একই রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজার পৌঁছাবে।
ময়মনসিংহ–কিশোরগঞ্জ–ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ ছেড়ে সকাল ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছাবে এবং শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।
জয়দেবপুর–পার্বতীপুর–জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ সন্ধ্যা ৭টায় জয়দেবপুর ছেড়ে রাত ২টা ৩০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ সকাল ৮টা ১৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে দুপুর ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে। ঈদের পর একই দুটি ট্রেনের সময়সূচিতে আংশিক পরিবর্তন থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া যাত্রীদের টিকিট কেনা সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।