নতুন ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, কে পেলেন কোন মন্ত্রণালয়

সরকারের গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন খাত তদারকিতে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর  ভাগ করে দেওয়া হয়েছে, ফলে সংশ্লিষ্ট খাতগুলোর প্রশাসনিক কার্যক্রমে স্পষ্টতা তৈরি হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দায়িত্ব অর্পণের বিষয়টি কার্যকর করা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা অফিস আদেশে বলা হয়েছে, নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপির ওপর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পাশাপাশি রেলপথ মন্ত্রণালয়-এর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপিকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে, যা দেশের নৌপথ ও অবকাঠামো খাতের নীতিনির্ধারণে তার সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত করবে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব দফতরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর অনুলিপি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।