ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে কে হচ্ছেন সভাপতি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম

নবনির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার এই অধিবেশন আহ্বান করেছেন। তবে এবারের অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের আগ পর্যন্ত কে সভাপতিত্ব করবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সাধারণত বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। কিন্তু দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী গত সেপ্টেম্বরে পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে রয়েছেন। ফলে এবার কে অধিবেশনে সভাপতিত্ব করবেন—তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

নির্বাচন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী জানান, সংসদের কার্যবিধি অনুযায়ী কোনো সিনিয়র সদস্যকে অস্থায়ী সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ দলের পরামর্শক্রমে রাষ্ট্রপতির ওপর নির্ভর করছে।

এবারের নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৮টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন তাদের পছন্দের ওপরই নির্ভর করছে।

স্পিকার পদে ক্লিন ইমেজের নেতা হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এছাড়া সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের নামও শোনা যাচ্ছে।

ডেপুটি স্পিকার পদের আলোচনায় রয়েছেন এবিএম আশরাফ উদ্দিন নিজান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন, অধিবেশনের যাবতীয় প্রস্তুতি চলছে। প্রথম বৈঠকেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

DR/SN
আরও পড়ুন