৯ এপ্রিল পর্যন্ত ইসির কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

আসন্ন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে ছুটি বাতিল ও অফিস সময়ের পরও দায়িত্ব পালনের এই নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী বিশেষ প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। অত্যন্ত জরুরি প্রয়োজনে কর্মস্থল ছাড়তে হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।

ইসি সচিবালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস, সরকারি পরিবহন পুলের গাড়িচালক এবং দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মীরাও এই নির্দেশনার আওতায় থাকবেন। এছাড়া ইসির নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত দেহরক্ষী, গানম্যান, পুলিশ ও আনসার সদস্যদেরও তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত সার্বক্ষণিক সতর্ক থেকে স্ব স্ব দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি দেশে ২৯৯টি আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় সেখানকার ভোট স্থগিত করে ইসি।

অন্যদিকে, নির্বাচনে বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়লাভ করেন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন। ফলে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী আসন শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় গতকাল এই দুই আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।