ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তাঁদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে স্ব-স্ব রিটার্নিং অফিসারের কাছে এই ব্যয়ের রিটার্ন দাখিল করতে হবে।
সম্প্রতি ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব রিটার্নিং অফিসারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২’-এর ৪৪ (গ) অনুচ্ছেদ অনুযায়ী— নির্বাচিত প্রার্থীদের নামের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তাঁদের ব্যয়ের রিটার্ন রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে।
চিঠিতে আরও জানানো হয়, গত ১৩ ফেব্রুয়ারি (২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নাম ও ঠিকানাসংবলিত গেজেট প্রকাশিত হয়েছে। সে অনুযায়ী প্রার্থীদের এই ব্যয় বিবরণী দাখিল নিশ্চিত করতে ‘পরিপত্র-১৮’ অনুযায়ী ব্যবস্থা নিতে রিটার্নিং অফিসারদের বলা হয়েছে।
এছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের জমা দেওয়া ব্যয়ের এসব রিটার্নের তথ্য আগামী ২৫ মার্চ (২০২৬) তারিখের মধ্যে নির্বাচন কমিশনে পাঠাতে সব রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।

