রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে নেমে গভীর রাতে অপরাধী ও বিশৃঙ্খলাকারীদের প্রতি কড়া বার্তা দিলেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি জানিয়েছেন, যারা ‘মব কালচার’ বা গণপিটুনির মতো বিশৃঙ্খলা থেকে ফায়দা নিতে চায়, তাদের অপরাধী চক্র হিসেবে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকার বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘মব কালচার সমাধান করা সম্ভব এবং এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তবে আমরা লক্ষ্য করছি, কেউ কেউ এই সমস্যার সমাধান চান না, বরং মব থেকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত ফায়দা নিতে চান। পুলিশ সেই অপরাধী চক্রগুলোকে চিহ্নিত করছে। আমরা আইনের ভেতরে থেকেই তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করব।’ তিনি তরুণ প্রজন্ম ও রাজনৈতিক নেতা-কর্মীদের এই নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
আইনশৃঙ্খলার সঙ্গে অর্থনীতির গভীর সম্পর্কের কথা উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, ‘দেশে আইনশৃঙ্খলার উন্নতি না হলে বিদেশি বিনিয়োগ আসবে না। তাই যার যে অভিযোগ আছে, তা আইনশৃঙ্খলার ভেতরে থেকেই উত্থাপন করুন। রাজপথে বিশৃঙ্খলা না করে প্রয়োজনে আলোচনার টেবিলে বসুন।’
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে পুলিশের পরিকল্পনার কথা জানিয়ে আইজিপি বলেন, ‘পবিত্র ঈদে নগরবাসী যাতে ছিনতাইকারীর কবলে না পড়েন এবং ব্যাংক থেকে টাকা তুলে নিরাপদে কেনাকাটা করতে পারেন, সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেটি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
পুলিশের মনোবল বাড়াতে এবং নিরাপত্তা তদারকি করতে আইজিপি নিজেই নিয়মিত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘এখন থেকে প্রায়ই রাতের বেলা আমি নিজেও মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম পরিদর্শনে থাকব।’
পরিদর্শনকালে আইজিপির সঙ্গে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পুলিশ সদর দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।