ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বিশেষ বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ওআইসি সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুর পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ড. খলিলুর রহমান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং ওআইসির নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন।
বৈঠকে উপস্থিত ওআইসি নেতৃবৃন্দ বাংলাদেশের সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে গভীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন যে, নতুন এই নেতৃত্বের হাত ধরে বাংলাদেশে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং দেশটি উন্নয়নের নতুন শিখরে পৌঁছাবে। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থানের প্রশংসা করে তারা ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি ওআইসি সদস্য দেশগুলোর সমর্থন। আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই মর্যাদাপূর্ণ পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান স্বয়ং এই পদের জন্য বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেদ্দায় বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো বাংলাদেশের এই প্রার্থিতাকে সর্বসম্মতিক্রমে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে।
ড. খলিলুর রহমান মুসলিম উম্মাহর ঐক্য এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কূটনৈতিক মহলের মতে, ওআইসি দেশগুলোর এই সমর্থন জাতিসংঘে বাংলাদেশের প্রভাব ও মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে এক বড় মাইলফলক হয়ে থাকবে।