বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
যদিও বৈঠকের জন্য আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট আলোচ্যসূচি ঘোষণা করা হয়নি, কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে যে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক অবস্থান সমন্বয়ের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের পরিধি ক্রমশ বিস্তৃত হয়েছে। সেই প্রেক্ষাপটে ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠককে দুই দেশের সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সফরের তৃতীয় দিনে শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, বৈঠক আজ