দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের দমনে বিশেষ অভিযানের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, অপরাধীদের ধরতে এরই মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং খুব শিগগিরই ‘অ্যাকশন’ শুরু হবে।
রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই হুঁশিয়ারি দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আছে, তাদের অতি শীঘ্রই আইনের আওতায় আনা হবে। আমাদের পরিকল্পনা কী, তা এই মুহূর্তে ফাঁস করতে চাই না। তবে এটুকু নিশ্চিত করছি যে, অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি।’
চট্টগ্রামে সাম্প্রতিক গোলাগুলির ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, একটি সন্ত্রাসী গ্রুপ দুই মাস আগেও এক বড় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছিল। পুলিশ ওই ব্যবসায়ীকে নিরাপত্তা দিলেও সন্ত্রাসীরা সুযোগ বুঝে ভারী অস্ত্র (Heavy Weapons) দিয়ে হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা গেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে।’
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন,‘বিএনপি বা অন্য কোনো দলের নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছে, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন। ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের ধরিয়ে দিন।’
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশে স্থিতিশীলতা আসে। মানুষের মনে এখন শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা ফিরে এসেছে।’