নেদারল্যান্ডসে কুকুর নির্বাচন কার্যক্রমে অংশ নিচ্ছেন চার কর্মকর্তা

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের চার কর্মকর্তা কুকুর নির্বাচন ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নিতে নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন। আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনের এই সফরে তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সফরে অংশ নিতে যাওয়া চার কর্মকর্তা হলেন—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, উত্তরা ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ, চট্টগ্রাম মহানগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের উপকমিশনার মো. শামীম হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান।

অফিস আদেশে বলা হয়েছে, কর্মকর্তারা ১৫ থেকে ১৯ নভেম্বর অথবা নিকটতম সম্ভাব্য সময়ে নেদারল্যান্ডসে কুকুর নির্বাচন ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবেন। পাঁচ দিনের এই সময়ের মধ্যে যাতায়াত ও ট্রানজিটের সময় অন্তর্ভুক্ত হবে না।

সফরের যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না বলে আদেশে উল্লেখ করা হয়েছে। বিদেশ ভ্রমণ ও ট্রানজিটসহ সফরের পুরো সময় সরকারি দায়িত্ব হিসেবে গণ্য হবে। তবে অনুমোদিত সময়ের বাইরে কোনো কর্মকর্তার অবস্থান দীর্ঘায়িত করার সুযোগ থাকবে না।

সফর শেষে দেশে ফেরার ১৫ দিনের মধ্যে কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

আদেশে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শরিফুল ইসলাম। এ বিষয়ে গণমাধ্যমকে তিনি জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সে অনুযায়ী আদেশ জারি করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত