ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে সাময়িক স্থগিতের পর দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের অন্যান্য সব গন্তব্যে পুনরায় নিয়মিত ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোববার (১ মার্চ) জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে মধ্যপ্রাচ্যের অধিকাংশ রুটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিমানের ফ্লাইট চলাচল করবে। তবে বিশেষ কারিগরি ও পরিস্থিতির কারণে কাতার (দোহা) এবং সংযুক্ত আরব আমিরাতের (দুবাই ও আবুধাবি) ফ্লাইটগুলো এখনো নিয়মিত সময়সূচির বাইরে রয়েছে। এই তিনটি গন্তব্যের স্থগিত ফ্লাইটগুলো দ্রুত রিশিডিউল করার কাজ চলছে।
বিমান কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেছে, প্রয়োজনীয় চেক-ইন এবং অন্যান্য দাপ্তরিক আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল যাত্রীকে তাদের নির্ধারিত ফ্লাইটের সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে হবে।
এর আগে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার কারণে গত কয়েক দিনে বেশ কিছু ফ্লাইট স্থগিত করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা এবং পরিস্থিতির ওপর নজর রেখে এখন ধাপে ধাপে ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক করা হচ্ছে। যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে বিমানের কল সেন্টার বা ওয়েবসাইট চেক করার পরামর্শ দেওয়া হয়েছে।