স্থগিত হওয়া ৫৪ ফ্লাইট সোমবারের মধ্যে রিশিডিউল হচ্ছে: বিমান প্রতিমন্ত্রী

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে স্থগিত হওয়া ৫৪টি ফ্লাইট দ্রুত চালুর ঘোষণা দিয়েছে সরকার। বেসামরিক বিমান  পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, স্থগিত ফ্লাইটগুলো রিশিডিউল (সময় পরিবর্তন) করা হয়েছে এবং আশা করা যাচ্ছে সোমবারের (২ মার্চ) মধ্যেই সব যাত্রীকে গন্তব্যে পাঠানো সম্ভব হবে।

রোববার (১ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক সিগন্যাল মনিটরিং সেলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সিভিল এভিয়েশন চেয়ারম্যান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি। পরিস্থিতির ওপর আমরা সার্বক্ষণিক নজর রাখছি। যারা ফ্লাইটের অপেক্ষায় আছেন, তাদের রিশিডিউল করে পর্যাপ্ত সময় দেওয়া হবে যাতে প্রত্যন্ত অঞ্চল থেকেও এসে তারা সময়মতো ফ্লাইট ধরতে পারেন।’

যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে কী হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘আমরা আশা করছি যুদ্ধ আর বাড়বে না। তবে যদি পরিস্থিতি আরও জটিল হয়, সেক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি সরাসরি তদারকি করছেন জানিয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। আটকে পড়া যাত্রীদের ইফতারসহ যাবতীয় সুযোগ-সুবিধার বিষয়ে তিনি আমাদের নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। আমরা সফলভাবে যাত্রীদের সব সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছি।’

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার কারণে গত কয়েক দিনে ঢাকা থেকে দুবাই, রিয়াদসহ বিভিন্ন রুটের ৫৪টি ফ্লাইটের যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এতে কয়েক হাজার যাত্রী বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন।

FJ
আরও পড়ুন