জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে পূরণ করা হবে: প্রধানমন্ত্রী

সরকার গঠনের এক মাসের মধ্যেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর মহাখালীর টিএন্ডটি মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধনকালে তিনি ঘোষণা দেন, ‘জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে পূরণ করা হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। তিনি বলেন, ‘আমরা ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করব। সেই ধারাবাহিকতায় এক মাসের কম সময়ে আমরা এই কাজ শুরু করেছি। আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিন্দুমাত্র ব্যত্যয় হবে না।’

প্রধানমন্ত্রী জানান, রাজধানীর কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকায় ইতিমধ্যে ১৫ হাজার নারীকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আগামী ৫ বছরে বাংলাদেশের ৪ কোটি পরিবারের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে আমার সরকার সক্ষম হবে। পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের প্রধান নারী সদস্যের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।’

প্রধানমন্ত্রী তার বক্তব্যে কৃষকদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি ঘোষণা দেন, ‘আগামী মাসেই কৃষক ভাইদের জন্য ‘কৃষি কার্ড’ কর্মসূচি শুরু হবে। গত সপ্তাহে আমরা ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ (সুদসহ) মওকুফ করেছি। আমরা একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক সরকার হিসেবে জনগণের সেবা করতে চাই।’

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচিটি প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে শুরু হলেও দ্রুতই সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়।