নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন টাঙ্গাইল-৮ আসনের এমপি

মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আজম খান। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে তিনি নতুন মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি নতুন মন্ত্রীর নাম ঘোষণা করার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। বেলা পৌনে একটার দিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আহমেদ আজম খান দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির মাধ্যমে টাঙ্গাইল অঞ্চলের দীর্ঘদিনের দাবি ও রাজনৈতিক প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে তাঁকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উল্লেখ্য, আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সকালে স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথের পর আহমেদ আজম খানের এই শপথ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।